জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বড়াইগ্রামে সাইবার প্রতারণার মামলার আসামি গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে সাইবার প্রতারণার মামলার আসামি মোঃ রাইসুল ইসলাম জুয়েল (৩৩)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রাইসুল ইসলাম জুয়েল বড়াইগ্রাম উপজেলার পল্লী এলাকার মোঃ মামুনুর রশিদের ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল ২৩ আগস্ট রাত ৮টার দিকে বড়াইগ্রাম থানাধীন গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি ফেসবুকে বিভিন্ন পেজ খুলে পণ্য বিক্রির কথা বলে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট বিকেল ৪টা ৫৬ মিনিটের দিকে তিনি অপরাপর সহযোগীদের নিয়ে এক ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে তার প্রোফাইল ছবির আদলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা অশ্লীল ছবি পাঠান।র‍্যাবের তথ্যমতে, ওই ভুক্তভোগী অনলাইনের মাধ্যমে ৮০ হাজার টাকা মূল্যের একটি গ্র্যান্ড পিয়ানো কেনার জন্য আসামির সঙ্গে যোগাযোগ করেন। এ সময় আসামি তার বিকাশ ও ব্যাংক হিসাব নম্বর দেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীর আরও ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল শুরু করেন তিনি।এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ৬০ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার ভাটারা থানায় ২৩ আগস্ট একটি মামলা করেন। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২/২৫/২৭ ধারায় করা হয়েছে।মামলা হওয়ার পরপরই আসামি আত্মগোপনে চলে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বড়াইগ্রামের গোপালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাইসুল ইসলাম জুয়েল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী বড়াইগ্রাম থানার মাধ্যমে ভাটারা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বড়াইগ্রামে সাইবার প্রতারণার মামলার আসামি গ্রেপ্তার