প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
পবার বসুয়ায় কবরস্থানের সংকট, সমাধানের আশ্বাস আরডিএ চেয়ারম্যানের
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিনের কবরস্থান সংকট নিরসনে উপযুক্ত জায়গা নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে বসুয়া গ্রামে সরেজমিন পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এ আশ্বাস দেন তিনি। এ সময় তিনি সম্ভাব্য কবরস্থানের স্থান ও স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন।বুধবার (৫ আগস্ট) দুপুরে আরডিএ এর পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।আরডিএ জানায়, বসুয়া গ্রামে নিজস্ব কোনো কবরস্থান না থাকায় দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তিদের দাফন-কাফনের জন্য রাজশাহী শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার কবরস্থানের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে কোনো স্বজন মারা গেলে মরদেহ দাফনের জন্য দূরবর্তী স্থানে যেতে হয়। এতে শোকাহত পরিবারের সদস্যদের বাড়তি ভোগান্তি ও দুর্ভোগ পোহাতে হয়।পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা আরডিএ চেয়ারম্যানের কাছে দীর্ঘদিনের এ সংকটের স্থায়ী সমাধানের দাবি জানান। তারা বলেন, একটি নিজস্ব কবরস্থান শুধু দাফন-কাফনের প্রয়োজনই পূরণ করবে না, বরং বসুয়া গ্রামের মানুষের দীর্ঘদিনের একটি মৌলিক সমস্যারও সমাধান হবে।স্থানীয়দের দাবি শুনে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি কবরস্থানের জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।তিনি বলেন, বসুয়া গ্রামের মানুষের দীর্ঘদিনের কবরস্থান সংকট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপযুক্ত জায়গা নির্ধারণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে, যাতে ভবিষ্যতে এখানকার মানুষকে দাফন-কাফনের জন্য দূর-দূরান্তে যেতে না হয়।এলাকাবাসী আশা করছেন, আরডিএ চেয়ারম্যানের উদ্যোগে বসুয়া গ্রামের দীর্ঘদিনের কবরস্থান সংকটের একটি স্থায়ী সমাধানের পথ তৈরি হবে এবং দাফন-কাফন নিয়ে তাদের ভোগান্তির অবসান ঘটবে।পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত