প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
প্রযুক্তি ব্যবহার করে দুপচাঁচিয়ায় উদ্ধারকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি থানার মুরাইল তালুকদার পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুনের একটি Yamaha R15M (১৫৫ সিসি) মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নম্বর: বগুড়া-ল-১৫-১৮৬৬)তালোড়ার মুক্তাগাছা এলাকা হতে চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে দুপচাঁচিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমানের নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় থানার এসআই সজিব ও এসআই পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (২৫ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলার গোরক মন্ডপ এলাকায় অভিযান চালান। সেখানে চোর চক্রের মূল হোতা রংপুর জেলার বদরগঞ্জ থানার মোল্লাপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে শাহিন আলমকে (৩৬) গ্রেপ্তার করা হয়।পরে গ্রেপ্তারকৃত শাহিন আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানার ওসমানপুর এলাকায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে পীরগঞ্জের ওসমানপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে রাসেল আহমেদকে (৩৮) গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে চুরি হওয়া R15M মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, আধুনিক প্রযুক্তি ও সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বল্প সময়ের মধ্যে মোটরসাইকেলটি উদ্ধার এবং জড়িত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত