প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬
পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ভিডিও ভাইরালের পর একজন আটক
নওগাঁর বদলগাছীতে অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে একজন বিদেশি পর্যটককে হেনস্তা করার অভিযোগ উঠেছে আব্দুল মাবুত (৪২) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।সোমবার (২২ জুন) দুপুরে পাহাড়পুর ট্যুরিস্ট পুলিশ তাকে আটক করে। এরআগে শুক্রবার (১৯ জুন) ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এ ঘটনা ঘটে।আটককৃত আব্দুল মাবুত জয়পুরহাট সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার আব্দুল মাবুত সহ কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে যান। ওইদিন সেখানে তারা কয়েকজন বিদেশি পর্যটককে দেখতে পান। তাদের মধ্যে একজন পর্যটকের সাথে ভিডিও করেন আব্দুল মাবুত ও আরেকজন নারী। আব্দুল মাবুতের হিরো নানা নামের আইডি থেকেও ওই পর্যটককে নিয়ে ভিডিও শেয়ার করা হয়। রোববার রাতে বিথি হোসেন মীম নামের ফেসবুক আইডি থেকে ৪২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে অশ্লীল কতাবার্তা বলতে শোনা যায়। শেয়ার করার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রতিবাদ জানিয়ে ভিডিওটি শেয়ার ও আলাদাভাবে পোস্ট করেন। ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানান।পুলিশের হাতে আটক হওয়ার আগে এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মাবুত ওরফে হিরো নানা বলেন, পাহাড়পুরে গিয়ে একজনের সাথে ভিডিও করেছিলাম। তিনি সম্ভবত চায়নার নাগরিক ছিলেন। আমি তো চায়নাদের ভাষা জানি না। এমনি ফ্যানি হিসেবে করেছি, মজা করেছি। ওই রকম তো বুঝিনি। মানুষ এ রকম খারাপ মনে করবে সেটা আমি ধারণা করিনি।ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিটের ইনচার্জ মাহবুব আলম বলেন, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহারে ভ্রমণ করতে আসা এক চীনা পর্যটককে অশ্লীল কতাবার্তা বলে হেনস্থা করা হয়। এ ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন। ঘটনাটি নজরে আসামাত্রই দ্রুত আব্দুল মাবুত ওরফে হিরো নানাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে বদলগাছী থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম বলেন, একটি ঐতিহ্যবাহী স্থানের মান-সম্মান তিনি ক্ষুন্ন করেছেন। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত