প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
পাঁচবিবি সীমান্তে মাদক ও অস্ত্রসহ ভারতীয় তরুণ গ্রেপ্তার
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ বিদ্যুৎ মন্ডল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত বিদ্যুৎ মন্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চকমন্ডল (ঘোষালপুর) গ্রামের হামিদুল ইসলামের ছেলে।বিজিবি ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা গ্রামের একটি কলাবাগানে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ভারতীয় নাগরিক পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্ত পিলার ২৮১/৯-এস এলাকা দিয়ে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই তরুণ পালানোর চেষ্টা করলে টহল দল চারদিক থেকে ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে।পরে স্থানীয় ও সঙ্গীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার লুঙ্গির কোমর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৫ পিস ভারতীয় কুপিজেসিক ইনজেকশন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার ডান হাত থেকে একটি ধারালো চাকু জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তরুণ কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা বাংলাদেশে প্রবেশের কাগজপত্র দেখাতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে মাদক ও অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।এ ঘটনায় ২০ বিজিবির হাবিলদার লাবলু মিয়া বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র বহনের অভিযোগে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন।পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত