প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
জমকালো উদ্বোধনের জন্য প্রস্তুত দেবেন্দ্র মঞ্চ
নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ী পতিসরে পালন করা হবে জন্মবার্ষিকীর অনুষ্ঠান। আগামীকাল ২৫বৈশাখ (৮ মে) শুক্রবার কবির ১৬৫ তম জন্মবার্ষিকী জমকালোভাবে উদ্বোধনের লক্ষ্যে কাচারি বাড়ী সংলগ্ন দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে কবির জন্মবার্ষিকী। কবির কাচারি বাড়ী, দেবেন্দ্র মঞ্চ, খেয়াঘাট, তালগাছের স্থান, রবীন্দ্র সাহিত্য পরিষদ, রবীন্দ্র যাদুঘর, রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কসহ চারপাশে ঝেরে মুছে রং তুলির আঁচরে দেয়া হয়েছে নতুন রুপ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবীন্দ্র জন্মোৎসব (৮মে) কাচারিবাড়ীর দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া জেলার বিভিন্ন আসনের সাংসদ,পুলিশ সুপার,ইউএনও ও অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন। আলোচনা শেষে রবীন্দ্র শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, আইন শৃঙ্খলা ঠিক রাখতে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় পতিসর কবির কাচারিবাড়ীসহ আশপাশের পুরো এলাকায় পুলিশি পোষাক ছাড়াও সাদা পোষাক মিলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আত্রাই নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ সাইফুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকালে কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা হবে। দর্শনার্থীদের জন্য ওই দিন কবির কুঠিবাড়ী উন্মুক্ত থাকবে। সবার সহযোগিতায় জমকালো ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে কবির জন্মবার্ষিকী উদযাপনের আশা করেন তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত