প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
দুপচাঁচিয়ায় মাদক সেবনের দায়ে ১জনের কারাদণ্ড
বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে মো. মিলন (৫৪) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৬ মে) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মিলন ওই এলাকার মৃত তোজাম্মেল হোসেনের ছেলে।এদিন দুপুর ১২টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি টিম শ্রীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় মিলনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ১ মাস ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজমিলুর রহমান সংবাদমাধ্যমকে জানান, সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আজই বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত