প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
আক্কেলপুরে নলকূপকর্মীকে বেঁধে মারধর, তিন ট্রান্সফরমারের কয়েল লুট
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি গভীর নলকূপের কর্মচারীকে রাতভর হাত-পা ও মুখ বেঁধে মারধরের পর তিনটি ট্রান্সফরমারের কয়েল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও নলকূপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত ১০টার পর নলকূপের ড্রাইভার আব্দুল কুদ্দুস (৬০) ঘরে যান। এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে হাত-পা ও মুখ বেঁধে রাতভর মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে বেঁধে রেখেই গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল খুলে নিয়ে যায় হামলাকারীরা।বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি নলকূপঘরের ভেতর থেকে শব্দ শুনে মালিকপক্ষকে খবর দেন। পরে তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।নলকূপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ‘ড্রাইভারকে বেধড়ক মারধর করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আগে থেকেই আমাদের কাছে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হচ্ছিল। টাকা না দেওয়ায় এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমরা মনে করছি।’তিনি আরও বলেন, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি চিরকুটে একটি ফোন নম্বর দিয়ে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি না করার শর্তে টাকা দাবি করা হয়। এ ঘটনায় কমিটির সভাপতি আব্দুস সালাম ১ মার্চ থানায় লিখিত অভিযোগ দেন।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে। অনেক সময় অন্যের নামে নিবন্ধিত সিম কার্ড ব্যবহার করায় তদন্তে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত