প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দলের নাম ভাঙিয়ে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় নয়- প্রতিমন্ত্রী আব্দুল বারী
দলের নাম বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অনিয়ম, দুর্নীতি কিংবা অপকর্মে জড়িত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক প্রভাব বা দলের নাম ব্যবহার করে কেউ যদি দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাব-প্রতিপত্তি তাকে রক্ষা করতে পারবে না।” জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এসব কথা বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।দলীয় শৃঙ্খলা জোরদার, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং সরকারের নীতিনির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, “ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক প্রভাব বা দলের নাম ব্যবহার করে কেউ যদি দুর্নীতি বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রভাব-প্রতিপত্তি তাকে রক্ষা করতে পারবে না।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের আস্থা ধরে রাখতে হলে দলীয় নেতাকর্মীদের সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আচরণ নিশ্চিত করতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে। দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, সকল নাগরিকের সমান অধিকার ও সুষম বণ্টন নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালন করা প্রত্যেক নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। ব্যক্তিগত আচরণ বা কর্মকাণ্ডের মাধ্যমে যেন দলের সুনাম ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।” এছাড়াও নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি টিপু চৌধুরী, জেলা যুবদলের সাবেক সভাপতি (ভিপি) ওবায়দুর রহমান সুইট, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক নাফিউল হাদি মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা তারেক আল মামুন, সাবেক ছাত্রনেতা ও সাবেক পৌর কাউন্সিলর মাহবুব হোসেন সরদার, সাবেক ছাত্রনেতা ও সাবেক কাউন্সিলর সেলিম হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।সভায় নেতারা দলীয় ঐক্য সুদৃঢ় রাখা, সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সভার কার্যক্রম সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত