প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
জয়পুরহাটে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব
জয়পুরহাটে দিনব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আল মামুন মিয়া।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।আয়োজক সূত্রে জানা যায়, মেলায় মোট ২২টি স্টল স্থাপন করা হয়। এসব স্টলে বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।এছাড়া মেলার আরেকটি আকর্ষণ ছিল পিঠা উৎসব। বাহারি ধরনের ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ নিতে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।আয়োজকরা জানান, বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যবাহী পিঠাপুলির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ উৎসব প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত