প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫
সীমান্তে যৌথ অপারেশনই নিরাপদ: বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল ফয়সল
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে যেকোনো বাহিনী যেকোনো জায়গায় যেতে পারে। তবে সীমান্ত যেহেতু স্পর্শকাতর, সীমান্তের ওপারে যেহেতু আরেকটা দেশের সীমান্তের বাহিনী আছে এবং তারা সশস্ত্র অবস্থায় থাকে। এই কারণে সীমান্তে কোন অপারেশনে যদি র্যাব যায়, তখন যদি গোলাগুলি হয় তাহলে এটার জন্য বিএসএফের কাছে জবাবদিহি করতে হয়। এই জন্যই বলা হয়েছে যে, কোন আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অপারেশনে যেতে পারে। সেক্ষেত্রে যেকোন বাহিনী আমাদেরকে সাথে নিলে কোন সমস্যা হবে না। এজন্য সীমান্তে যৌথ অপারেশনই নিরাপদ।মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিজিবির রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন ২৯-ফুলবাড়ি ব্যাটালিয়ন দিনাজপুর সেক্টরের গুলজার মিলনায়তনে আয়োজিত বিজিবির এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় অন্য বাহিনীর অপারেশন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।এরআগে এদিন বিজিবি রংপুর উত্তর পশ্চিম রিজিয়নের সীমান্ত এলাকায় নভেম্বর মাসজুড়ে চালানো অভিযান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ২৯-বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এম জাবের বিন জব্বার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এতে দিনাজপুর সেক্টরের অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মেজর তানিম হাসান খানসহ জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত