প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
লালপুরে ১৯ মণ্ডপে কালীপূজার উৎসব ঘিরে প্রস্তুতি সভা
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আমেজ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে শ্রীশ্রী দীপান্বিতা কালীপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে নাটোরের লালপুর। এ বছর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে কালীপূজা। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।বুধবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।সভায় আসন্ন কালীপূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং পূজার সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখা সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৯টি মণ্ডপে শ্রীশ্রী দীপান্বিতা কালীপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৮ নভেম্বর (রোববার) থেকে বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। মণ্ডপভেদে এক থেকে নয় দিন পর্যন্ত পূজার আয়োজন রাখা হয়েছে।সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রশাসন ও পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভা থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে কালীপূজা উদযাপনের পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত