প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের আন্দোলন চরমে
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। অন্যদিকে আন্দোলনরত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিরোধের চেষ্টা চালিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা নরসিংহপুরে শারমিন গ্রুপের কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিতে ধাওয়া দেয়। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের একাংশ পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টাও করা হয়।সংঘর্ষের কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নরসিংহপুরসহ গুরুত্বপূর্ণ এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।এদিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকলেও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত