প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬টি মোবাইল ফোন ও নগদ ৪২,২২৫ টাকাসহ মোঃ মিলন হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম মানিক গ্রামে এ অভিযান পরিচালনা করে জয়পুরহাট এসআরবি-৫।এসআরবি সূত্রে জানা যায়, পশ্চিম মানিক গ্রামের কতিপয় মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে মজুত রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫ এর একটি আভিযানিক দল ওই গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই গ্রামের মৃত সবুর হোসেনের পুত্র মোঃ মিলন হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়।পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের কাঠের আলমারির ড্রয়ার থেকে ৯০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক কারবারে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং নগদ ৪২ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত