প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
দিনাজপুরসহ তিন জেলায় মাদকবিরোধী অভিযান,বিপুল মাদকসহ আটক ৩
দিনাজপুরের বিরল উপজেলায় অভিযান চালিয়ে ২.৫ কেজি গাঁজাসহ নবাব আলী (৫৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। একই রাতে ঠাকুরগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ টুটন সরকার (৩০) এবং নীলফামারীর ডিমলায় ১৭০ পিস ইয়াবাসহ আব্দুল হক (৩১) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।রোববার (১ নভেম্বর) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৩। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রাত ৮টা ১৫ মিনিটে ঠাকুরগাঁও সদর থানার খোচাবাড়ী বাজারসংলগ্ন মেসার্স সোনালী ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ৬ কেজি গাঁজাসহ টুটন সরকারকে গ্রেফতার করা হয়।এরপর রোববার রাত ২টা ৪৫ মিনিটে দিনাজপুরের বিরল থানার পাঁচশালা গ্রামে নবাব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ঘরের খাটের নিচ থেকে ২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক নবাব আলীকে গ্রেফতার করে আভিযানিক দল।এদিকে, একই দিন সকাল ৬টা ৩০ মিনিটে নীলফামারীর ডিমলা থানার পূর্ব খড়িবাড়ী (জিনজিনপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হকের বাড়িতে অভিযান চালায় এসআরবি-১৩ রংপুর সদর কোম্পানির একটি দল। এ সময় ১৭০ পিস ইয়াবা উদ্ধারসহ বাড়ির মালিক আব্দুল হককে গ্রেফতার করা হয়।এসআরবি জানায়, তিনটি অভিযানে মোট ৮.৫ কেজি গাঁজা ও ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত