প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বগুড়ার দুপচাঁচিয়ায় পালিত হয়েছে ‘জাতীয় যুব দিবস ২০২৬’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়। এবারের যুব দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”।দিবসটি উপলক্ষ্যে ১ নভেম্বর রবিবার উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদ্যুৎ কুমার বসাকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি একেএম খান স্বপন, শোভা এনজিও-র পরিচালক আনারুল আজাদ লিটন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, প্রশিক্ষিত সফল আত্মকর্মী সঞ্চিতা চৌধুরী এবং সফল উদ্যোক্তা মো. হাবিবুর রহমান।বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে সঠিক প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। যুবসমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ও সহায়তা প্রদানের অংশ হিসেবে দুজন সফল উদ্যোক্তাকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকার ঋণের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষায় যুবদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত