প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে টানা দুই বছর হতাশাজনক ফল
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার মান ও পাঠদান ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। টানা দুই বছর ধরে প্রতিষ্ঠানটির এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক। ২০২৫ সালে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল মাত্র একজন। আর ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া দুজনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে এবার প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে।লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ থেকে ৩৮২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন। মনতৈল মডেল কলেজ থেকে ২২ জনের মধ্যে পাস করেছে তিনজন। ভবানীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে দুজন।অন্যদিকে, মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজের দুই পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জিরুন্ডা মানপুর তোফালিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৪ জন। এ বিষয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম বলেন, কলেজ শাখায় ভর্তি হলেও এবারের দুই পরীক্ষার্থী নিয়মিত ক্লাসে আসত না। তাদের একজনের বিয়ে হয়ে গেছে, অন্যজনও কলেজে উপস্থিত হতো না। কলেজ শাখার পাঠদান হাইস্কুলের শিক্ষকদের দিয়ে পরিচালনা করা হতো বলেও জানান তিনি।লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজ এমপিওভুক্ত না হওয়ায় কলেজ শাখায় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। ফলে কলেজ শাখার পাঠদান কার্যক্রম পরিচালনায় শিক্ষকসংকট রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত