প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির ফলাফলে বড় ধস
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশে। গত বছর পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১১ দশমিক ৫১ শতাংশ। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ ফলাফলের এ তথ্য জানান।বোর্ডের প্রকাশিত সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৪৯১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। সে হিসাবে অনুত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৩৮৯ জন।এ বছর জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন। জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক বছরের তুলনায় এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ, ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮ শতাংশ এবং ২০২১ সালে ছিল ৭৯ দশমিক ৮ শতাংশ। সেই তুলনায় ২০২৬ সালের পাসের হার অনেকটাই নিম্নমুখী।এদিকে, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ৩২ হাজার ৪৫৯ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ৬৬৮টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।সার্বিকভাবে এ বছরের ফলাফলে পাসের হার কমে যাওয়ায় শিক্ষার মান,পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে ফলাফল বিপর্যয়ের পেছনে সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশ্লেষণ ও পর্যালোচনা প্রয়োজন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত