প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
দিনাজপুর বিজিবির অভিযানে ট্রাকসহ ইয়াবা জব্দ,আটক ১
ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রাক, মোবাইল ফোন ও এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ঝাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। জব্দ করা ইয়াবা ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৭৭ হাজার টাকা।আটক ব্যক্তির নাম মোঃ সবুজ (৩০)। তিনি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ সহিবর রহমান।বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিহানগর বিওপির একটি টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক মাদক পাচারকারী বিক্রির উদ্দেশ্যে রাণীশংকৈল হয়ে ঠাকুরগাঁও সদর এলাকার দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল সম্ভাব্য এলাকায় অবস্থান নিয়ে ট্রাকটির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে।একপর্যায়ে সন্দেহভাজন ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে বিজিবির টহলদল ধাওয়া করে ঝাড়পাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করে। এ সময় ট্রাক থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোনসহ মোঃ সবুজকে আটক করা হয়।উদ্ধার করা ইয়াবা, ট্রাক ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালান দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মাদকের বিস্তার রোধ এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত