প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
রাজশাহীকে নতুনভাবে ঢেলে সাজাতে নানা পরিকল্পনা প্রহন
রাজশাহী মহানগরীকে আরও আধুনিক, নান্দনিক ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর পরামর্শ অনুযায়ী নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেড (GIZ)-এর 'লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল' (LICA) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, "নাগরিক সেবার মানোন্নয়ন এবং শহরকে আধুনিক ও সুন্দর করতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশন ও জিআইজেড দীর্ঘ দিন ধরে যৌথভাবে কাজ করছে। নগরীর সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে আমরা জিআইজেডকে নতুন নতুন প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়েছি।" ইতোমধ্যে সংস্থাটি তালাইমারী শহীদ মিনার সংলগ্ন এলাকায় দৃষ্টিনন্দন ও নান্দনিক প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান তিনি।কর্মশালায় রাসিক এলাকার সার্বিক পরিবেশ সংরক্ষণ, পুকুর ও জলাধার রক্ষা, পার্ক ও খেলার মাঠের উন্নয়ন, ব্যাপক সবুজায়ন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মূল্যায়ন করা হয়।রাসিক সচিব মো. সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, লিসা (LICA) প্রকল্পের আরবান ফরেস্ট্রি অ্যান্ড নার্সারি অ্যাডভাইজার পঞ্চানন কুমার ঢালী, প্রজেক্ট কম্পোনেন্ট ম্যানেজার বিপাশা দত্ত এবং আরবান অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মোজাফফর মাহমুদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত