প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েলসহ বোট জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েলসহ একটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পামওয়েলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (২৫ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, রোববার সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালীর হাতিয়া থানাধীন নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল এবং চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পামওয়েল ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত