প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে সিরাপসহ ভারতীয় ট্যাবলেট জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর পৃথক তিনটি অভিযানে ১ হাজার ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৮৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৯০০ টাকা।রোববার (২৫ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীন মনিপুর, বিরামপুর ও তাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত