প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
ঝিনাইগাতীতে মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
শেরপুরের ঝিনাইগাতীতে জামাল (৩২) নামে এক স্যানিটারি মিস্ত্রির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি দোকানের পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।নিহত জামাল ঝিনাইগাতী সদর বাজারের গরুহাটি এলাকার মৃত ফকির আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।হাসান কন্সট্রাকশনের মালিক আবুল কাশেম জানান, জামাল গত চার বছর ধরে তার প্রতিষ্ঠানে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি কাজে যোগ দেন। দুপুরে জামালকে কর্মস্থলে রেখে তিনি বাসায় চলে যান। সন্ধ্যায় দোকানে ফিরে জামালকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানের পেছনের পুকুরে জিআই তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জামালের মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে ওসি এসএম নূর মোহাম্মদ জানান, জামালের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা চিকিৎসকের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত