প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
ক্ষেতলালে মাদকবিরোধী সমাবেশ,তরুণদের এগিয়ে আসার আহ্বান ওসির
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের আয়োজনে আয়মাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুল ইসলাম।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম। তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।সমাবেশে বক্তব্য দেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধারকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেওয়ান হাসান, সদস্যসচিব রাসেদ এবং মামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান আলী হান্নান। তাঁরা মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার ও তরুণদের সচেতন ভূমিকা রাখার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আয়মাপুর উদ্দীপ্ত তরুণ সংগঠনের সভাপতি তৌফিক তালুকদার, সাধারণ সম্পাদক মারুফ শাহরিয়ার ও সাংগঠনিক সম্পাদক অনিক। সমাবেশে এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।আয়োজকদের সূত্রে জানা যায়, এর আগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অনিকের নেতৃত্বে গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দাবি করা হয়। পরে উদ্ধার করা মাদক জনসম্মুখে ধ্বংস করা হয় বলে আয়োজকেরা জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত