প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ট্রাক্টরচাপায় শিশু নিহত, প্রধান আসামি গ্রেপ্তার
দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আবিদ হাসান নামে এক শিশু নিহতের ঘটনায় অভিযুক্ত চালক বিকাশ রায়কে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিকাশ রায় খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামের সুশীল রায়ের ছেলে।আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এসআরবি-১৩। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ অক্টোবর দুপুর ২টা ৫ মিনিটের দিকে খানসামা উপজেলার একটি দোকানের সামনে প্রতিবেশীর সঙ্গে খেলছিল শিশু আবিদ হাসান। এ সময় বিকাশ রায় দ্রুতগতিতে ট্রাক্টর-ট্রলি চালিয়ে এসে শিশুটিকে ধাক্কা দেন। এতে গুরুতর আহত হয় আবিদ। পরে তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে খানসামা থানায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি দায়েরের পর অভিযুক্ত চালককে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১৩।এরই ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের ধীরেন রায়ের বাড়িতে অভিযান চালিয়ে বিকাশ রায়কে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত