প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান,টিসি-ফি আত্মসাতের অভিযোগ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) সংক্রান্ত আবেদন ফি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান শুরু করেন। এতে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাশার।দুদক সূত্রে জানা গেছে, শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেটের আবেদন ফি বোর্ডের নির্ধারিত হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়।দুদকের সহকারী পরিচালক খাইরুল বাশার জানান, ট্রান্সফার সার্টিফিকেটের জন্য নির্ধারিত নিয়মে আবেদন করে ‘সোনালী সেবা’র মাধ্যমে এক হাজার টাকা ফি জমা দেওয়ার বিধান রয়েছে। এরপর শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সার্টিফিকেট ইস্যু করে।তবে অভিযোগ রয়েছে, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের মাধ্যমে শিক্ষা বোর্ডকে অবহিত না করেই কিছু শিক্ষার্থী এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়। ফলে ২০২৬ সালের অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় শিক্ষার্থীদের তথ্য আগের শিক্ষাপ্রতিষ্ঠানের নামে থেকে যায়। এ সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে একসঙ্গে প্রায় চার হাজার আবেদন জমা পড়ে।খাইরুল বাশার আরও জানান, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড নিয়মিত টিসি ইস্যু প্রক্রিয়ার বাইরে গিয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ করে। বোর্ডের রেজুলেশন ও আলোচনার ভিত্তিতে ‘সোনালী সেবা’র মাধ্যমে নির্ধারিত এক হাজার টাকা ফি গ্রহণ না করেই শিক্ষার্থীদের তথ্য আগের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি বলেন, অভিযানে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে। সংগৃহীত নথিপত্র ও বক্তব্য পর্যালোচনা করে অর্থ আত্মসাৎ কিংবা অন্য কোনো অনিয়মের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন প্রস্তুত করে কমিশনে দাখিল করা হবে।অভিযানে দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন ও উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত