প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো ! বিছানায় কাটছে তরুণ হাফেজ তালহার দিন
মাত্র ২১ বছর বয়স। বুকে কুরআন ধারণ করা এক তরুণ হাফেজ তিনি। জীবনের বসন্ত মাত্র শুরু। চোখে ছিল সংসারকে বদলে দেওয়ার বর্ণিল স্বপ্ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই আলো নিভে যেতে বসেছে। জীবনের পথচলা শুরু হতে না হতেই নেমে এসেছে ঘোর অমানিশা। দুটি কিডনিই সম্পূর্ণ অকেজো হয়ে এখন বিছানায় কাটছে তরুণ হাফেজ মোঃ আবু তালহার দিন। একদিকে চিকিৎসার আকাশচুম্বী ব্যয়, অন্যদিকে ৭ মাসের শিশু কন্যার নিষ্পাপ মুখ সব মিলিয়ে এক মর্মান্তিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছে পরিবারটি।বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সুলতান ও আরজিনা বেগম দম্পতির বড় ছেলে হাফেজ আবু তালহা। মাত্র দুই বছর আগে বিয়ে করা তালহার কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান, ফাতেমা। কিন্তু গত প্রায় এক বছর ধরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি আজ শয্যাশায়ী।অন্যের জমিতে দিনমজুরি করে সংসার চালাতেন তালহার বাবা সুলতান। চরম অভাব-অনটনের সংসারকে একটু সুখে ভরিয়ে তুলতে দুই বছর আগে পাড়ি জমান সৌদি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ধারদেনা করে বিদেশে গিয়েও পরিবারের কষ্ট ঘুচেনি। ছোট ভাই মোঃ হুজাইফা (১১) দারুল উলুম বোয়ালকান্দি মাদ্রাসায় পড়াশোনা করছে। একমাত্র বড় ভাই তালহার এই করুণ অবস্থায় পুরো পরিবারটি আজ দিশেহারা।চিকিৎসকরা জানিয়েছেন, হাফেজ তালহাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি প্রতিস্থাপন অথবা নিয়মিত ডায়ালাইসিস চালিয়ে যাওয়া জরুরি, যা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু এই অসহায় পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ৭ মাসের অবুঝ শিশু ফাতেমা এখনো বোঝে না তার বাবার কি হয়েছে। নিষ্পাপ চোখ দুটি নিয়ে বাবার মুখের দিকে চেয়ে থাকে সে। সমাজের বিত্তবান, সহৃদয় ব্যক্তি ও প্রবাসীদের কাছে হাত বাড়িয়েছেন তালহার স্বজনেরা। সবার একটু সহযোগিতা ও ভালোবাসায় বেঁচে যেতে পারে একজন হাফেজে কুরআনের জীবন, এতিম হওয়া থেকে রক্ষা পেতে পারে একটি নিষ্পাপ শিশু।সাত মাসের নিষ্পাপ মেয়ে ফাতেমার দিকে তাকিয়ে চোখ ফেটে জল আসে হাফেজ তালহার। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন: "আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই, নিজের হাতে কাজ করে পরিবার আর এই ছোট বাচ্চাটার দায়িত্ব নিতে চাই। আমি এভাবে বিছানায় পড়ে থেকে পরিবারের বোঝা হতে চাই না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে আমাকে বাঁচানোর একটু চেষ্টা করুন।" একটি বিনীত আহ্বান: আসুন, একটি জীবন বাঁচাই ৭ মাসের অবুঝ শিশু ফাতেমা এখনো জানে না 'বাবা' শব্দটার গভীরতা কতটুকু। বাবার উষ্ণ স্পর্শ পাওয়ার আগেই কি সে এতিম হয়ে যাবে? একটি সম্ভাবনাময় কুরআনভিত্তিক জীবন অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে এবং ছোট ফাতেমার মাথায় বাবার ছায়া ধরে রাখতে দেশের সকল দানশীল ব্যক্তি, প্রবাসী ভাই ও মানবিক সংগঠনগুলোর প্রতি আর্থিক সাহায্য ও দোয়ার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানানো হচ্ছে।আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা হাফেজ মোঃ তালহা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (DBBL) একাউন্ট: ৭০১৭৩৪৩৬৮৭০৭১ অথবা বিকাশ / নগদ (পার্সোনাল): ০১৭৭৯২৮৬০০৯ আপনার জাকাত, সদকা বা সামান্য ভালোবাসার সাহায্যেই বেচে যেতে পারে হাফেজ তালহার জীবন। বাবার ছায়ায় আশ্রয় করে নিতে পারে সাত মাসের অবুঝ নিষ্পাপ ফাতেমা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত