প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
আক্কেলপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের আক্কেলপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান।সভায় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মো.আব্দুল করিম, সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিতিশ কুমার মণ্ডল, উপজেলা শাখার আহ্বায়ক সজল কুমার মহন্ত ও সদস্যসচিব রতন কুমার শীল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কৃষ্ণ পাণ্ডে, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের আক্কেলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।উল্লেখ্য, এ বছর আক্কেলপুর উপজেলায় মোট ৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে আক্কেলপুর পৌরসভায় ৯টি, রুকিন্দীপুর ইউনিয়নে ৬টি, গোপীনাথপুর ইউনিয়নে ৯টি, সোনামুখী ইউনিয়নে ৩টি, তিলকপুর ইউনিয়নে ৩টি এবং রায়কালী ইউনিয়নে ৭টি মণ্ডপ রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত