প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানসহ চারটি যানবাহনে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে চালক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী চারটি যানবাহন আটকে পড়ে। পরে দুর্বৃত্তরা যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। তবে এ ঘটনায় কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ঘটনার খবর পেয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গভীর রাতে গুরুত্বপূর্ণ সড়কে এমন ঘটনায় নিরাপদে যাতায়াত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা সড়কে রাতের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত