প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
দুপচাঁচিয়ায় পূজামণ্ডপের কমিটির সঙ্গে ওসির মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ৪৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দুপচাঁচিয়া থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান। সভা সঞ্চালনা করেন এসআই ইত্তেখার হোসেন।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি অসীম কুমার দাস, বাংলাদেশ পূজা ফ্রন্টের উপজেলা সভাপতি দীপক কর্মকার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, চামরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস,মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির কমিটি সভাপতি বাবু দিজেন্দ্র নাথ বসাক মন্টু, লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক রথীনন্দ্রনাথ বসাক (কালা)। সভায় উপজেলার ৪৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্তসংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা ও নিয়মনীতি মেনে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। পূজামণ্ডপগুলোতে পুলিশের টহল জোরদার করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।তিনি আরও বলেন, পূজা চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত