প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযান,উদ্ধার ভারতীয় মাদকদ্রব্য
দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ও ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ২১ হাজার ২৫০ টাকা।বুধবার (৭ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।বিজিবি সূত্র জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১১টা ৫০ মিনিটে ৪২ বিজিবির অধীনস্থ ধর্মজান বিওপির একটি টহল দল বিরল উপজেলার পূর্ব বনগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩১৯/৩-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।এরপর আজ রাত ২টা ৪০ মিনিটে ৪২ বিজিবির এনায়েতপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার দ্বীপনগর এলাকায় আরেকটি অভিযান চালান। অভিযানে সীমান্ত পিলার ৩২৩/৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (উইন সেরেক্স সিরাপ) উদ্ধার করা হয়।বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত