প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
হবিগঞ্জে মেম্বারের নেতৃত্বে বসতভিটা জবরদখলের অভিযোগ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর চকবাজারে প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল, বসতঘর ভাঙচুর এবং এক পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় দুই (ইউপি) সদস্যসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী আইয়ূব আলী ও নাদিরা বেগমসহ তাদের পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ মিয়া, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান মিয়া এবং মুজাহিদ মিয়াসহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। তারা ক্ষমতার অপব্যবহার করে চকবাজারে অবস্থিত ভুক্তভোগীদের বসতভিটা ও ব্যবসায়িক বিট জবরদখলের পাঁয়তারা করছেন।ভুক্তভোগীদের অভিযোগ, কোনো ধরনের আইনি প্রক্রিয়া বা তোয়াক্কা না করে এবং তাদের কোনো ধরনের অনুমতি না নিয়েই তাদের বসতঘর জোরপূর্বক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ওই জমিতে প্রভাব খাটিয়ে জোরপূর্বক নতুন ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা। যার দৃশ্যমান প্রমাণও রয়েছে বলে জানানো হয়েছে।সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য, বিশেষ করে বৃদ্ধ মা-বাবা এবং অন্যান্য সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ হওয়ায় প্রভাবশালী ওই চক্রের শক্তির সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন তারা।সবচেয়ে দুঃখের বিষয় হলো, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ মিয়া নিজে এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় ভুক্তভোগীরা একজন জনপ্রতিনিধির কাছে গিয়েও কোনো ধরনের ন্যায়বিচার বা সহযোগিতা পাননি। উল্টো জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ মদদে এই জবরদখল ও হয়রানি চলছে।এ ঘটনায় কোনো মিথ্যা অপবাদ না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আইয়ূব আলী ও নাদিরা বেগম। জমির প্রকৃত মালিকানা ও কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।তারা আরও জানান, কোনো সংঘাতে না গিয়ে তারা শান্তিপূর্ণভাবে আইন অনুযায়ী নিজেদের অধিকার, বসতভিটা এবং পরিবারের নিরাপত্তা ফিরে পেতে চান। প্রভাবশালী বা জনপ্রতিনিধি হলেই কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই বার্তা দিয়ে অবিলম্বে অবৈধ দখল ও নির্মাণকাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত