প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
পার্বতীপুরে এলপিজি গ্যাসে অতিরিক্ত মূল্য, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
দিনাজপুরের পার্বতীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং ভোক্তাদের প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী নতুন বাজার এলাকায় সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যে প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করার অভিযোগে গ্যাস ডিলার প্রতিষ্ঠান মেসার্স রজব অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স মন্ডল ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।এসআরবি-১৩ জানায়, সম্প্রতি দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস ডিলারদের বিরুদ্ধে অতিরিক্ত মূল্যে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযোগের সত্যতা যাচাই করে যৌথ এ অভিযান পরিচালনা করা হয়েছে।এসআরবি-১৩ আরও জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত