প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ৮ জন বালু উত্তোলনকারী আটক
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।শুক্রবার ০২ অক্টোবর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, ভোলার সদর থানাধীন পশ্চিম ইলিশা মেঘনা নদীতে ২ অক্টোবর ২০২৬ মধ্যরাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪ টি ড্রেজার ও ১ টি বাল্কহেডসহ ৮ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।পরবর্তীতে, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, ভোলা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিকদের ২ লক্ষ টাকা জরিমানা করে ৭ জন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জরিমানাকৃত নগদ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয় এবং ড্রেজার ও বাল্কহেডের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত