প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
কাঁঠালিয়ায় নদী থেকে নিখোঁজ কিশোরের ভাসমান লাশ উদ্ধার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া উত্তর পাড় এলাকায় হলতা নদী থেকে নিখোঁজের একদিন পর মো. জিহাদ (১৩) নামের এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আমুয়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জিহাদ উপজেলার আমুয়া গ্রামের মো. সোহেল ব্যাপারীর ছোট ছেলে।স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে হলতা নদীতে গোসল করার কথা বলে বের হন। তারপর থেকে নিখোঁজ হয় জিহাদ। স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ বিকেলে আমুয়া ব্রিজের নিচে হলতা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে জিহাদের লাশ শনাক্ত করেন।বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত