প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
আক্কেলপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার,আটক ৪
জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে জয়পুরহাট ২০ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়।জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল ও এসআরবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় প্রথমে কষ্টিপাথরের মূর্তিসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত কষ্টিপাথর পাচারকারী চক্রের সদস্য মো. হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়।আটককৃতরা হলেন- আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের কষ্টিপাথরের মূর্তি পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। মূর্তিটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে।জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার করা মূর্তি ও গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত