প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুর ব্যাটালিয়নের অভিযানে পীরগঞ্জ সীমান্ত থেকে মাদক জব্দ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি।রোববার (২০ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীন দিহানগর বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪৪/৩-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিহানগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত